ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হংকং বিশ্ববিদ্যালয় থেকে আবারো রাসায়নিক ও পেট্রল বোমা উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ৪ ডিসেম্বর ২০১৯
হংকং বিশ্ববিদ্যালয় থেকে আবারো রাসায়নিক ও পেট্রল বোমা উদ্ধার 
ছবি: সংগৃহীত

হংকংয়ে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুনভাবে রাসায়নিক ও পেট্রল বোমার খোঁজ পেয়েছে পুলিশ। সরকারবিরোধী বিক্ষোভকারীদের মজুদ করে রাখা সেসব সংগ্রহের উদ্দেশ্যে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ।

চীন শাসিত এ শহরটিতে গত মাসের ১০ দিনেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘেরাও করে রেখেছিল পুলিশ। দাঙ্গা পুলিশ ও প্রায় এক হাজারেরও বেশি বিক্ষোভকারীর সংঘর্ষে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। খবর- রয়টার্স

ক্যাম্পাসের ধ্বংস্তূপের মধ্যে পাওয়া বিপজ্জনক জিনিসগুলো উদ্ধারের জন্য পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়েছিল। সেগুলো উদ্ধার করে তালাবদ্ধ স্থানে গুদামজাত করা হয়েছে। 

মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তারা জানায়, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে সেখান থেকে প্রায় ৪ হাজার ২৯৬ পেট্রল বোমা, ৬৭১ বোতল রাসায়নিক পদার্থ ও ৬২২ টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

কর্মকর্তারা প্রথমে ২৯ নভেম্বর পলিটেকনিক ক্যাম্পাসে প্রবেশ করেছিল। তখন সেখান থেকে তারা এক হাজারের বেশি পেট্রল বোমা উদ্ধার করেন । এছাড়াও সেখান থেকে তীর ধনুক এবং রাসায়নিক পদার্থের বোতলও পায় তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!